এএনবি: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেন।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক ‘পয়েন্ট অব অর্ডার’-এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’-এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী—যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস—এর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আশা করি, এ সমস্যা আর থাকবে না।
এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।






















