অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। রোমাঞ্চকর এই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ‘ছবিওয়ালা’ খ্যাত ব্রাজিলিয়ান স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ।
শনিবার বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও কোনো গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে ব্যর্থ হয়। এরপর নির্ধারিত সময়ের আর ১০ মিনিট বাকি থাকতে তুষার আব্দুল্লাহর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে ১-০ গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ব্রাজিল।
ম্যাচের গোলদাতা তুষার আব্দুল্লাহ এবং গোলরক্ষক শাহীন যৌথভাবে’ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
খেলা শেষে কেরানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ম্যাচ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, জয়-পরাজয় নয়, বরং বিশ্বকাপের আবহে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও আনন্দঘন সময় কাটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।




















