বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদন

২৬ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মৃতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলীতে ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারীতে ১ জন রয়েছেন।

গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জে বাড়ির বারান্দায় খেলতে থাকা ফুয়াদ ও রাফি নামের দুই শিশু বজ্রপাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
সাদুল্লাপুরে মাঠে কাজ করার সময় মিজানুর রহমান এবং ফুলছড়িতে কৃষক আলী আকবর মারা যান। এছাড়া সাঘাটা ও ফুলছড়িতে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে।

তাড়াশে আব্দুল হামিদ (৫০) মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
রায়গঞ্জে ধান কাটার সময় হাসান শেখ (২৫) ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে।

গৃহবধূ সেলিনা আক্তার বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। অন্যদিকে কৃষক ইলিয়াস আলী জমিতে কাজ করতে গিয়ে প্রাণ হারান।

জামালপুর

জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

মেলান্দহে বাড়ির উঠানে রান্নার সময় মর্জিনা বেগম নিহত হন।
সদরে ক্ষেতে কাজ করার সময় কৃষক হাসমত আলী বজ্রপাতে মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর (সিংড়া)

নাটোরের সিংড়ায় চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বগুড়া

বগুড়ার গাবতলীতে ধান রক্ষার জন্য জমিতে পলিথিন দিতে গিয়ে বজ্রপাতে সুমন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ

সব খবর