সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চতে রুয়া কাজ করছে: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদন

৪ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিনেট কার্যকর করা, শিক্ষার্থীদের জন্য দ্রুত বৃত্তি চালু এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়া’র এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে রুয়া’র সভাপতি বলেন, ‘গত ফ্যাসিবাদী আমল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কোনো কাজ করছে না। অথচ সিনেট বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম প্রধান অর্গান। আমরা বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের কাছে দাবি জানিয়েছি এবং আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে, অবিলম্বে সিনেট কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি রিউনিয়ন ও এজিএম করা। এজন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, ২ অক্টোবর রি-ইউনিয়ন হবে এবং ৩ অক্টোবর এজিএম হবে।’

এর আগে রাবি এলামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি, রাবি সিনেট সদস্য ও জাতীয় সংসদের সদস্য মু. রফিকুল ইসলাম খানের (এমপি) সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য যথাক্রমে প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন এবং প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দিন খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এম উমার আলী, রাবির কোষাধ্যক্ষ মোঃ কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। রাবি এলামনাই এসোসিয়েশনের সেক্রেটারী ও রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ড. মু. কেরামত আলী এমপি, কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীন, অধ্যাপক আব্দুল খালেক, ড. মীর নুরুল ইসলাম, ইমাজ উদ্দিন মন্ডল সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

রুয়ার পক্ষ থেকে আরও দাবি জানানো হয়েছে, হলগুলোর রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন এবং সংগঠনের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আরও দাবি জানিয়েছি যে প্রত্যেকটি হলে যেন রিডিং রুমগুলোতে এসি দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এটি একটি খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা অতি তাড়াতাড়ি রুয়ার ভবন নির্মাণ করব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, অতি দ্রুত এক থেকে দুই মাসের মধ্যে রুয়ার ভবন নির্মাণের কাজ শুরু করে দেব।’

শিক্ষার্থীদের বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের জন্য শুরুতেই একটা বৃত্তির কথা বলেছিলাম। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, এই বৃত্তির ব্যবস্থাটা অতি দ্রুত শুরু করব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে প্রতি বিভাগের একজন মেয়ে এবং একজন ছেলেকে দুই হাজার টাকা করে বৃত্তির ব্যবস্থা করব।’

ক্যাম্পাসে ‘ই কার’ চালু নিয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ক্যাম্পাসে এর আগে ‘এ-কার’ চালু করেছিলাম। কিছু যান্ত্রিক ক্রুটির কারণে সে ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ক্যাম্পাসের রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না এবং এটা মেইন্টেনেন্স না করার কারণে যান্ত্রিক ক্রুটিতে পড়তে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু ই কার কিনে বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেব। আগের মতোই চলবে, কিন্তু এর ব্যবস্থাপনায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদ ব্যক্ত করছি, খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে।’

মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে রুয়ার মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (RUAA) এর প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সাথে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা আজ ০৪ এপ্রিল’২৬ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম বলেন, রাবি শিক্ষার্থীদের পাশে রাবি এলামনাই এসোসিয়েশন যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে। রুয়ার সকল গঠনমুলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মু. রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। রাবি শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ই-কার উপহার দিচ্ছি, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছি। অন ক্যাম্পাস চাকুরী নিশ্চিত করার লক্ষে জব ফেয়ারের আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, রাবি শিক্ষার্থীরা তাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যেই যেভাবে নিজেদের যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

সব খবর