এএনবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম।
তিনি সোমবার (৪ মে) বিকেলে জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিলেও তা এখনো গৃহীত হয়নি।
রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করা হলেও তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী নেলী তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষায় অংশ নেন। বিভাগের এক শিক্ষার্থীর দাবি, তিনি ভাইভার উপস্থিতি তালিকায় স্বাক্ষরও করেন এবং পরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, যদিও এ নিয়ে আপত্তি জানান জকসু নেতারা।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন বলেন, সাময়িক বহিষ্কৃত হলে পরীক্ষায় অংশ নিতে বাধা নেই; তবে স্থায়ী বহিষ্কার হলে তার সব পরীক্ষা বাতিল হবে।
ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে নাঈম বলেন, সাময়িক বহিষ্কারের পরও অভিযুক্তকে পরীক্ষার সুযোগ দেওয়া প্রশাসনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। তার মতে, বিষয়টি ‘আই ওয়াশ’ হতে পারে বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণী শেষে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সাদিয়া সুলতানা নেলী ক্রীড়া সম্পাদক নাঈমকে থাপ্পড় দেন। পরে তিনি সামাজিক মাধ্যমে ঘটনাটি স্বীকার করে হুমকিও দেন। এ ঘটনার পর প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।






















