বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ: মহিলা ইউনিটের পর আসছে ‘ছাত্রী উইং’

নিজস্ব প্রতিবেদন

১৩ মে ২০২৬

শেয়ার

নারী ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক প্রভাব বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে ইতোমধ্যে কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করা হয়েছে এবং এবার আলাদা ‘ছাত্রী উইং’ গঠনের প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

গত ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীতে আয়োজিত নারী সম্মেলনে নারীদের মতামত, গোপন ভোট ও পরামর্শের ভিত্তিতে ৩৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করা হয়। এতে নুরুস সাবিহাকে মুয়াল্লিমা, কোহিনুর বেগমকে সহ-মুয়াল্লিমা এবং হাফেজা বুশরাকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আধুনিক সভ্যতায় নারীর অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ হলেও বাস্তবে নারীর নিরাপত্তা ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামের মূল্যবোধের মাধ্যমে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ছাত্রী উইং’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, নারী শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, আগে নারীদের জন্য আলাদা সংগঠন করার পরিকল্পনা না থাকলেও বর্তমান বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়ে পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দলটি মনে করছে, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক উপস্থিতি আরও বাড়ানো জরুরি। বিদ্যমান মহিলা ইউনিটের মাধ্যমে নারী শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত মাত্রায় কার্যক্রম বিস্তার সম্ভব হচ্ছে না বলেও দলীয় পর্যবেক্ষণে উঠে এসেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন ছাত্রী উইং ইসলামী ছাত্র আন্দোলনের মতোই মূল দলের অধীনে স্বতন্ত্র ইউনিট হিসেবে পরিচালিত হবে। আহ্বায়ক কমিটির মাধ্যমে এর কার্যক্রম শুরু হতে পারে। সংগঠনটিতে আলেমা, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দলটির নেতারা জানান, এই উদ্যোগ শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; বরং নারী শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংগঠনিকভাবে দক্ষ করে তোলা এবং দাওয়াহ কার্যক্রম জোরদার করাই মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বাড়ানোর কৌশল হিসেবেই এই ছাত্রী উইং গঠন করা হচ্ছে।

সর্বশেষ

সব খবর