বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর গুজবে জবাব নিজেই দিলেন রুনা লায়লা

নিজস্ব প্রতিবেদন

৫ মে ২০২৬

শেয়ার

এএনবি: বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর ভুয়া খবর। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিজেই নিশ্চিত করেছেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী।

বর্তমানে দিল্লীতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন তিনি। সেখানে যোগ দেওয়ার পর সোমবার (৪ মে) সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রুনা লায়লা জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি লিখেছেন, “আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমি বহাল তবিয়তে বেঁচে আছি।”

তিনি আরও অনুরোধ করেন, এ ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে যেন সবাই যাচাই করে নেয়। কারণ এমন গুজব তার এবং তার পরিবারের জন্য কষ্টদায়ক।

গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রুনা লায়লা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচিতজন ও ভক্তরা একের পর এক ফোন করে তার খোঁজ নিচ্ছেন, যা তাকে অবাক করেছে।

তিনি ভুয়া তথ্য ছড়ানোকে দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপমহাদেশের এই জনপ্রিয় সংগীতশিল্পী।

সর্বশেষ

সব খবর