এএনবি: নেইমারের জাতীয় দলের হয়ে আগের ম্যাচে মাঠে নামা হয়নি। তবে রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে করিন্থিয়াসের বিপক্ষে সান্তোসের জার্সিতে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও পুরো সময় মাঠে থাকলেও নিজের চেনা ছন্দে দেখা যায়নি তাকে।
চলতি মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। সেই ম্যাচগুলোর জন্য আজ দল ঘোষণা করার কথা ব্রাজিলের কোচ কার্লো আনচেলিত্তের। দল ঘোষণার ঠিক আগে নিজের পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন নেইমার। ম্যাচ শেষে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের হয়ে বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও বিষয়টি এখন আর তার নিয়ন্ত্রণে নেই।
ম্যাচ শেষে হতাশা নিয়ে নেইমার বলেন,
“আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই এবং বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু সত্যি বলতে, এটি এখন আর আমার হাতে নেই। আমি দলে থাকি আর না থাকি, ব্রাজিলের জন্য আমার সমর্থন সবসময় থাকবে।”
এদিকে কোচ আনচেলত্তি আগেই জানিয়েছেন, শতভাগ ফিট না হলে কাউকেই বিশ্বকাপ দলে নেওয়া হবে না। ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি নেইমার, সেই ম্যাচ গ্যালারি থেকে দেখেছিলেন কোচ নিজেই। করিন্থিয়াসের বিপক্ষে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকলেও সেভাবে নজর কাড়তে পারেননি তিনি।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি নেইমারের। ক্লাব ফুটবলে ফিরলেও মাঝে মাঝে ছোটখাটো চোটে ভুগেছেন। গত ডিসেম্বরে তার হাঁটুতে অস্ত্রোপচারও করা হয়।
চলতি বছর সান্তোসের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। যদিও ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে তার বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।




















