এএনবি: ‘দেশিগার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বর্তমানে তার আসন্ন হলিউড সিনেমা The Bluff-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন। লস অ্যাঞ্জেলেসে প্রচারণার সময় সহ-অভিনেতা Karl Urban-এর সঙ্গে তার রসায়নও ভক্তদের নজর কেড়েছে।
সিনেমাটিতে প্রিয়াংকাকে দেখা যাবে এক জলদস্যুর ভূমিকায়—‘এরসেল ব্লাডি মেরি বোডেন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী টেনে আনেন তার মা মধু চোপড়া-র এক রোমহর্ষক স্মৃতি। প্রিয়াংকা বলেন, তার মায়ের মধ্যেও তিনি একসময় ‘ব্লাডি মেরি’র সাহসী রূপ দেখেছিলেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স মাত্র ১১ বছর। মা-মেয়ে দিল্লির রাস্তায় গভীর রাতে একটি ট্যাক্সিতে করে হোটেলে ফিরছিলেন। রাত প্রায় ১১টা। হঠাৎ মধু চোপড়া লক্ষ্য করেন, চালক পরিচিত প্রধান সড়ক ছেড়ে একটি নির্জন পথে গাড়ি ঘুরিয়েছেন। চালক জানান, তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।
প্রিয়াংকা জানান, মুহূর্তের মধ্যেই তার মা পেছন দিক থেকে চালকের গলা চেপে ধরে জোরে বলেন—“গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে।” মায়ের সেই সাহসী রূপ দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মজা করে অভিনেত্রী বলেন, ওই ঘটনার পর টানা চার মাস মায়ের কথার ওপর আর কোনো কথা বলার সাহস পাননি তিনি।
এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রিয়াংকা বোঝাতে চেয়েছেন—তার পর্দার ‘ব্লাডি মেরি’ চরিত্রের মতো সাহস ও দৃঢ়তা তিনি বাস্তব জীবনেই প্রথম দেখেছেন নিজের মায়ের মধ্যেই।




















