এএনবি: রপ্তানিকারকদের সুবিধার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে Bangladesh Bank। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহণ বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই সুবিধা আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনায় আরও গতি আনবে বলে মনে করছেন রপ্তানি খাত সংশ্লিষ্টরা।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। এর ফলে রপ্তানিকারকরা ডকুমেন্টগুলো সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে চান। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারেন।
তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্ত রাখা হয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে।
ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন সুবিধা রপ্তানিকারকদের জন্য বিশ্ববাজারে ব্যবসা করা সহজ করবে। একই সঙ্গে ক্রেতাদের শর্ত পূরণে নমনীয়তা বাড়বে এবং রপ্তানি আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা যাবে।




















