এএনবি: হ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মসজিদের ইমামসহ দুজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে বড় গোষ্ঠী ও বাইদ্দা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে মাইক ব্যবহার করে নির্দেশনা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০) এবং আক্তার মিয়া নামে আরেক ব্যক্তি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক ও বাইদ্দা গোষ্ঠীর সদস্য জিয়াউর রহমানকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার পর থেকেই একই গ্রামের বড় গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকেন তিনি।
কারাগার থেকে বের হয়ে জিয়াউর রহমান শিশু মিয়াকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেন। এরপর থেকে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল।
গত ১৭ মার্চও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। সেদিন সকালে বাইদ্দা গোষ্ঠীর লোকজন বড় গোষ্ঠীর বাড়িঘরে হামলার চেষ্টা করলে বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জেরে কয়েকদিন প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে আবারও বড় গোষ্ঠীর বাড়িঘরে হামলা চালায় বাইদ্দা গোষ্ঠীর লোকজন। সংঘর্ষ থামাতে গেলে টেঁটাবিদ্ধ হন ইমাম হাবিবুর রহমান। তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ সময় সংঘর্ষে আক্তার মিয়া নামের আরেকজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী বলেন, পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















