এএনবি: সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে আগামী ১ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০০৮’-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং চুক্তির অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল সাংবাদিক কামাল উদ্দিন সবুজকে ১ বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।






















