এএনবি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে এনটিআরসিএ। তবে এবারই প্রথম প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের দায়িত্বও এ সংস্থাকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।
অভিজ্ঞতার শর্ত কঠোর করার উদ্যোগ
বর্তমান নীতিমালায় প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের জন্য যথাক্রমে ১৫ বছর ও ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত রয়েছে। তবে কম অভিজ্ঞতাসম্পন্নদের শীর্ষ পদে প্রবেশ ঠেকাতে এ শর্ত আরও বাড়িয়ে ১৮ বছর করার চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি; মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
কলেজ পর্যায়ের যোগ্যতা
নীতিমালা অনুযায়ী, উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ কলেজের অধ্যক্ষ, ডিগ্রি মাধ্যমিক কলেজের উপাধ্যক্ষ অথবা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কিংবা এমপিওভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
স্কুল পর্যায়ের যোগ্যতা
নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়া এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে সিনিয়র শিক্ষক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাও গ্রহণযোগ্য বলে উল্লেখ রয়েছে।




















