সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় নায়িকা নিঝুমের বিরুদ্ধে ওয়ারেন্ট

নিজস্ব প্রতিবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব।

এর আগে মোছাম্মৎ সুরভী বেগম ২৯ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুরভী বেগমের সঙ্গে রুবিনা নিঝুমের পূর্ব পরিচয় ছিল। রুবিনা ও তার স্বামী রাহূল বিভিন্ন সময় টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ করে সুরভীর আস্থা অর্জন করেন। সেই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ অক্টোবর তারা সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই অর্থ দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরতের শর্তে একটি চুক্তিনামাও সম্পাদিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল, রাহূল টাকা ফেরত দিতে ব্যর্থ হলে বা মৃত্যুবরণ করলে তার ভাই নান্নু টাকা পরিশোধ করবেন।

অভিযোগে আরও বলা হয়, পরে সুরভী গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়লে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। কিন্তু আসামিরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। ২২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকায় তাদের বাসায় গেলে সুরভীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

সব খবর