এএনবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ দপ্তরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহননের চেষ্টা অবস্থায় দেখতে পান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হঠাৎ চিৎকার শুনে তারা কক্ষে গিয়ে দু’জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতাল–এ পাঠান।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে।




















